চৌগাছায় চোখ উপড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যা
যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে হত্যার শিকার সাকিব হোসেন নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
সাকিব চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। এ বিষয়ে চৌগাছা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউপির স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খুঁজাখুঁজি করে কোথাও তাকে পাননি। সোমবার ভোর থেকে আবারো সাকিবের নানি ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে খুঁজতে সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে সোমবার সকালে চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক, সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ও এসআই ফিরোজ মরদেহটি উদ্ধার করে।
ওসি তদন্ত এনামুল হক জানান, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।